
মালদা, নিজস্ব সংবাদদাতা:— বঙ্গ রাজনীতির পরিচিত মুখ, প্রাক্তন কংগ্রেস সাংসদ Abu Hasem Khan Choudhury (ডালু বাবু) আর নেই। বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মালদহ জেলার রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডালু বাবু। তিনি ছিলেন প্রখ্যাত কংগ্রেস নেতা A. B. A. Ghani Khan Choudhury-র সেজ ভাই এবং দাদার রাজনৈতিক ঐতিহ্যই মালদহে ধরে রেখেছিলেন।
রাজনৈতিক জীবনে তিনি মালদহের বিধায়ক, জেলা কংগ্রেস সভাপতি এবং সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত কালিয়াচক বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। পরবর্তীতে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে নির্বাচিত হন।
এছাড়াও, ইউপিএ সরকারের সময় কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও সামলান তিনি। শারীরিক অসুস্থতার কারণে গত প্রায় ২০ দিন ধরে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন এই প্রবীণ কংগ্রেস নেতা।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁর পুত্র Isha Khan Choudhury মালদা দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হন। তিনি জানান, বুধবার রাত ১০টা ১০ মিনিটে তাঁর বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ বিকেলে কলকাতা থেকে মালদার কোতওয়ালির বাড়িতে পৌঁছবে তাঁর মরদেহ। সেখানেই পরিবারের সদস্য, দলীয় নেতা-কর্মী এবং অসংখ্য অনুরাগী তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন।
ভোটের আবহে তাঁর প্রয়াণে মালদহের রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।












Leave a Reply