ভোটের আবহে মালদহে বাড়তি নিরাপত্তা, পৌঁছাল বুলেটপ্রুফ বিশেষ গাড়ি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে মালদহে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনীর বিশেষ বুলেটপ্রুফ গাড়ি। বুধবার সকালে মালদহ শহরের ডিএসএ ময়দানে আসে ‘মিডিয়াম বুলেটপ্রুফ ভেহিকেল’ (MBPV) নামের এই আধুনিক গাড়ি, যা আনা হয়েছে জম্মু ও কাশ্মীর থেকে।
জানা গিয়েছে, অশান্তিকর পরিস্থিতি তৈরি হলে এই গাড়ির সাহায্যে এলাকায় অভিযান চালাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। উন্নত প্রযুক্তিসম্পন্ন এই গাড়ি নিরাপত্তা বাহিনীকে আরও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে মালদহ জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিশেষ করে মোথাবাড়ি ও সুজাপুর এলাকায় বিক্ষোভের জেরে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। এর মধ্যে কালিয়াচক ২ নম্বর ব্লক দফতরে সাতজন জুডিশিয়াল অফিসারকে আটকে রাখার অভিযোগ ঘিরে উত্তেজনা চরমে পৌঁছায়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে তাঁদের উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন হামলা ও রাস্তা অবরোধের ঘটনাও সামনে আসে। এই পরিস্থিতির পর প্রশাসন ও নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ গ্রহণ করে এবং তদন্তভার দেওয়া হয় National Investigation Agency-কে।
এই প্রেক্ষাপটেই মালদহে মোতায়েন করা হয়েছে এই বিশেষ বুলেটপ্রুফ গাড়ি। প্রশাসনের মতে, এর ফলে জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত হবে এবং নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *