
মালদা, নিজস্ব সংবাদদাতা:— মণিপুরে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদা জেলার এক বিএসএফ জওয়ান। মৃত জওয়ানের নাম মিঠুন মণ্ডল (৩৪)। তিনি মোথাবাড়ি এলাকার উত্তর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের ভাগজান টোলা এলাকার বাসিন্দা ছিলেন।
জানা গিয়েছে, বিএসএফ-এর ১৭০ ব্যাটালিয়নের জওয়ান মিঠুন মণ্ডল মণিপুরের উখরুল জেলার মংকোট চেপু এলাকায় টহল দেওয়ার সময় অজানা দিক থেকে গুলির আঘাতে গুরুতর জখম হন। পরে তিনি শহিদ হন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
ছেলের অকাল মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা মন্টু মণ্ডল (৬১), যিনি কৃষিকাজ করে সংসার চালাতেন। দুই ভাইয়ের মধ্যে মিঠুনই ছিলেন বড় এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। ছোট ভাই বাবার সঙ্গে কৃষিকাজে সহায়তা করেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ৮ বছর ১১ মাস আগে মিঠুন মণ্ডল বিএসএফ-এর ১৭০ ব্যাটালিয়নের আলফা কোম্পানিতে কনস্টেবল পদে যোগ দেন। প্রায় ৬ বছর আগে তাঁর বিয়ে হয়। স্ত্রী সুলেখা মণ্ডল (২৬) এবং তাঁদের দুটি ছোট সন্তান—৫ বছরের একটি ছেলে ও ৩ বছরের একটি মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন স্ত্রী, ছোট সন্তানদের নিয়ে এখন অনিশ্চয়তার মুখে পড়েছে পরিবার।
পরিবারের দাবি, শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ দফতর থেকে ফোনে জানানো হয়, “মিঠুনকে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক।” প্রায় ১৫ মিনিট পর আবার ফোন করে জানানো হয়, “মিঠুন শহিদ হয়ে গেছেন।” এই খবর পাওয়ার পর থেকেই পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা-ও, যিনি ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন। পুরো এলাকাজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে।












Leave a Reply