
সোদপুর, নিজস্ব সংবাদদাতা:— ২০২৪ সালের ৯ আগস্ট RG Kar Medical College and Hospital-এ ঘটে যাওয়া নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার বিচার না মেলায় ক্ষোভ ক্রমশ বাড়ছে ছাত্র-যুব ও মহিলা মহলে। প্রায় ২০ মাস কেটে গেলেও অভিযুক্তদের কঠোর শাস্তি ও প্রকৃত দোষীদের শনাক্তকরণের দাবি এখনও পূরণ হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।
এই পরিস্থিতিতে নতুন করে আন্দোলনে গতি আনতে প্রতি মাসের ৯ তারিখে ধারাবাহিক কর্মসূচির ডাক দিয়েছে Students’ Federation of India (এসএফআই), Democratic Youth Federation of India (ডিওয়াইএফআই) এবং All India Democratic Women’s Association (এআইডিডব্লিউএ)-সহ বিভিন্ন গণসংগঠন।
বুধবার রাতে সোদপুর ট্রাফিক মোড়ে আয়োজিত ‘রাত জাগো’ কর্মসূচিতে প্রতিবাদের সুরে সরব হন অংশগ্রহণকারীরা। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত গান, কবিতা ও বক্তব্যের মাধ্যমে আন্দোলনের বার্তা তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন যশোধরা বাগচি। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় খড়দহ সৃজন শাখা এবং গণনাট্য সংঘের পানিহাটি শাখা।
এই কর্মসূচিতে বক্তব্য রাখেন আত্রী গুহ, সোমা চক্রবর্তী দাস, রুনু ব্যানার্জি, কলতান দাশগুপ্ত, দেবজ্যোতি দাস, পূরবী সরকার, দেবজ্যোতি চক্রবর্তী ও সায়ন চক্রবর্তী।
আন্দোলনকারীদের বক্তব্য, এটি শুধুমাত্র একটি ঘটনার বিচার নয়—নারী নিরাপত্তা ও ন্যায়বিচারের বৃহত্তর লড়াইয়ের অংশ হিসেবেই এই আন্দোলন আগামী দিনেও জারি থাকবে।












Leave a Reply