
মালদা, নিজস্ব সংবাদদাতা:— আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মালদায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যেই জেলায় পৌঁছেছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি আরও ১০০ কোম্পানি বাহিনী আসার কথা রয়েছে।
সোমবার জেলাশাসক Rajneer Singh Kapoor, পুলিশ সুপার ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এবারের ভোট সম্পূর্ণ ভয়মুক্ত ও অবাধ পরিবেশে অনুষ্ঠিত হবে।
প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা—ছাপ্পা, বুথ জ্যাম, প্রলোভন বা কোনওরকম প্ররোচনা বরদাস্ত করা হবে না। ভোটারদের বুথে আসতে বাধা দিলে সঙ্গে সঙ্গে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রতিটি বুথ এবং সংলগ্ন এলাকায় থাকবে সিসিটিভি ক্যামেরার নজরদারি।
ইতিমধ্যেই জেলায় অতি সংবেদনশীল বুথগুলি চিহ্নিত করা হয়েছে। প্রতিটি বুথে অন্তত হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, আর যেখানে একাধিক বুথ রয়েছে সেখানে এক থেকে দুই সেকশন পর্যন্ত বাহিনী রাখা হবে।
এছাড়াও কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের তিন দিন আগে থেকে সিভিক ভলান্টিয়ার বা গ্রীন পুলিশ কোনওরকম আইনশৃঙ্খলা রক্ষার কাজে যুক্ত থাকবেন না এবং ইউনিফর্ম পরে বাইরে বের হওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, এবারের ভোট গণনা হবে মালদা কলেজ ও পলিটেকনিক কলেজে।
সব মিলিয়ে, মালদায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত বলে জানানো হয়েছে।












Leave a Reply