দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- করোনা অতিমারীর জন্য দীর্ঘ দু’বছর সমস্ত মেলা বন্ধ ছিল। করোনা এখন নেই বললেই চলে। তাই বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে সর্বধর্ম সমন্বয়ে ১২ ডিসেম্বর, সোমবার সন্ধ্যায় ৬২ তম “অভেদানন্দ মেলা” শুভ উদ্বোধন করা হল। এদিন অভেদানন্দ মেলার উদ্বোধন করেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে সংঘপিতা শ্রীমৎ স্বামী গৌড়ানন্দ মহারাজ। এদিন প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা শাসক বিধান রায়, ডেপুটি স্পীকার ড. আশিস বন্দ্যেপাধ্যায়, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা, জেলা সভাধিপতি তথা সিউড়ির বিধায়ক বিধায়ক বিকাশ রায়চৌধুরী, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, জেলার সরকারী আইনজীবী মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ সহ আরও অনেকে। সাঁইথিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক ধ্রুবানন্দ মহারাজের কন্ঠে স্তোত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রদীপ প্রজ্জ্বলন, গীতা, বাইবেল, কোরান ও শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠের মধ্য দিয়ে মেলার উদ্বোধন হয়। এদিন প্রকাশিত হয় মেলার স্মারক পত্রিকা “শৃণ্বন্তু”। এদিন বক্তারা আশ্রমের নানা সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এই মেলায় সত্যানন্দ মঞ্চে প্রতিদিনই নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। এই মেলা চলবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত। মেলায় বিভিন্ন দোকানপাট বসেছে সারদা ফুটবল ময়দানে।
৬২ তম অভেদানন্দ মেলার উদ্বোধন দুবরাজপুরে।












Leave a Reply