দামাল মেয়ে কুহেলি (ধারাবাহিক উপন্যাস, প্রথম পর্ব) : দিলীপ রায় (৯৪৩৩৪৬২৮৫৪)।

    সানাই কানাই দুই ভাই । সানাই বড় ও কানাই ছোট । সানাইয়ের মেয়ে কুহেলি । কাঞ্চন নগরে তাঁদের বাড়ি । দুই ভাইয়ের পাশাপাশি বসবাস । বেঁচে থাকতে সানাইয়ের বাবা জমি-জায়গা দুজনকে সমান ভাগে ভাগ করে দিয়ে গেছেন । সানাইয়ের  বেশী বয়সে বিয়ে । সেইজন্য  বিয়ের অনেক বছর বাদে তাদের একমাত্র কন্যা সন্তান, কুহেলি । সানাইয়ের জীবনে সবচেয়ে দুঃখজনক ঘটনা, কুহেলি জন্ম নেওয়ার সময় তার স্ত্রী বিয়োগ  । স্ত্রীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল সানাই । কিন্তু  কিছুটা ডাক্তারদের অবহেলার কারণে কুহেলির মায়ের অকাল বিয়োগ ।  সেই থেকে সানাই মনমরা ! তবুও মেয়ের মুখের দিকে তাকিয়ে সানাইয়ের বাঁচার স্বপ্ন  ! 
    কিন্তু সমস্যা অন্যত্র । সমস্যা  শুরু হলো কুহেলির পান্তা মাসিকে নিয়ে । পান্তা মাসি অল্প বয়সে বিধবা । পাশের  গ্রাম সুরেশপুরে তার বাড়ি ।  প্রতিদিন সবজি  বোঝাই ঝুড়ি মাথায় নিয়ে গাঁয়ে গাঁয়ে বিক্রি  । সবজি বিক্রি করে তার সংসার । পান্তা মাসির একটাই মেয়ে । অল্প বয়সে সেই মেয়ের বিয়ে হয়ে গেছে । মেয়ের শ্বশুর বাড়ি ভরতপুরে ।  ভরতপুর ব্লক অফিসের পাশে জামাইয়ের চায়ের দোকান । চায়ের দোকান খুব চালু । ভাল ঘরে মেয়ের বিয়ে হওয়ায় পান্তা মাসির খুব শান্তি ! জামাই খুব কর্মঠ । ব্যবহার আর পাঁচটা ছেলের চেয়ে আলাদা  । মার্জিত স্বভাব ! সর্বোপরি জামাই পান্তা মাসিকে মায়ের চেয়েও বেশী শ্রদ্ধা করে । মেয়ে বিয়ে দিয়ে এইজন্যে পান্তা মাসির মনে খুব শান্তি । মেয়েটা অন্তত সুখে শান্তিতে বাকী জীবন কাটাতে পারবে ! 
  মেয়ের বিয়ের পর থেকে পান্তা মাসি  বাড়িতে একা । সারাদিন মাথায় ঝুড়ি নিয়ে  এ-গাঁয়ে সে-গাঁয়ে ঘোরাঘুরি  । গাঁয়ে ঘুরে ঘুরে তার সবজি  বিক্রি । দিনের শেষে তিন-চারশ টাকা লাভ । তাতেই পান্তা মাসির শান্তি । কেননা পান্তা মাসি অল্পতেই সন্তুষ্ট । 
    কুহেলি হাই স্কুলে ভর্তি হলো । ক্লাস ফাইভে । কুহেলির মুখটা ভীষণ মিষ্টি । গাঁয়ের লোকজন প্রায়শই বলে, দুর্গা মায়ের মুখটা কুহেলির মুখে বসানো । তার নাকি প্রতিমার মতো সুন্দর মুখশ্রী । আপশোশ  করে  বয়স্ক মহিলারা বলেন,  কুহেলির মা তাঁর মেয়েটার সুন্দর মুখশ্রী দেখে যেতে পারলো না । মুখপুড়িটা  মেয়েকে জন্ম দিয়ে বিদায় নিলো ।   
       স্কুলে ভর্তি হওয়ার পর থেকে  পান্তা মাসির কুহেলিদের বাড়ি ঘন ঘন যাতায়াত । বাড়ি থেকে বেরিয়ে পান্তা মাসি সবজির ঝুড়ি মাথায় নিয়ে প্রথমেই কুহেলিদের বাড়ি । সেই সময় কুহেলি ঘুম থেকে ওঠে । অন্যদিকে তার বাবা প্রাতর্ভ্রমণ সেরে বাড়ির দাওয়ায় বসে । পান্তা মাসি সানাইকে দেখতে পেলে সবজির ঝুড়ি নামিয়ে তাদের রান্না ঘরে ছোটে । চা বানিয়ে প্রথমে কুহেলির বাবাকে খাওয়ায় । তারপর কুহেলির জন্য টিফিন বানিয়ে দেওয়া । কাজের খুব চাপ না থাকলে, পান্তা মাসি কুহেলিদের দুপুরের রান্না বানিয়ে, তারপর সবজি বিক্রি করতে পাড়ায় ছোটে । 
   রান্না ঘরে ঢোকার জন্য কুহেলির বাবার সঙ্গে পান্তা মাসির ঘনিষ্টতা ক্রমশ বাড়তে থাকে । সকাল আটটার মধ্যে কুহেলিদের বাড়ি ঢুকে নিজের বাড়ির মতো পান্তা মাসির কাজ শুরু হয়ে যায় । শোয়ার ঘরের  বিছানা তোলা । ঘর-দোর ঝাঁট দেওয়া । কুহেলির যত্ন নেওয়া । কুহেলিকে স্কুলে যাওয়ায় আগে যেমন স্কুল ব্যাগ, স্কুলের জন্য আলাদা  টিফিন, ইত্যাদি  গুছিয়ে দেওয়া ।  সকালের চা-জলখাবারের পর্ব শেষ হয়ে গেলে দুপুরের রান্নায় মন দেয় । প্রতিদিন জেলেরা গাঁয়ে মাছ বিক্রি করতে আসে । তাদের কাছ থেকে নিজে  মাছ কেনে পান্তা মাসি ।  ডাল ছাড়া প্রতিদিন মাছের ঝোল ও একটা সবজির তরকারি রান্না করা চাই । তবে রান্না করার পর নিজে কিছুতেই  খাবে না । পান্তা মাসিকে খাওয়ার জন্য সানাই অনেক অনুরোধ করেছে । কিন্তু তার একটাই কথা, মা-মরা মেয়েটার কথা ভেবে আমার রান্না করা । তার মুখে দু-মুঠো খাবার তুলে দিতে পারছি, এটাই আমার শান্তি !  আমাকে খেতে বলবেন না প্লীজ, আমি খেতে পারব না । দুপুরের রান্না শেষ করে  পুনরায় ঝুড়ি মাথায় পান্তা মাসি সবজি বিক্রি করতে পাশের গ্রামে  ছোটে । 
  একদিন কৌতুহলবশত কুহেলি পান্তা মাসিকে জিজ্ঞাসা করলো, “তুমি আমাদের বাড়ি এত কাজ করো কেন ? এতে তোমার খাটুনি বাড়ে বই কমে না । আমাদের বাড়িতে পরিশ্রম করে তোমার কী  লাভ ?”
    ফ্যাকাশে মুখে পান্তা মাসি কিছুক্ষণ কুহেলির দিকে তাকিয়ে রইলো ।  তারপর ঠোটের কোনে এক চিলতে হাসি দিয়ে কান্তা মাসি বলল, “তুই এই খাটুনির মর্ম  বুঝবি না । বড় হলে বুঝতে পারবি ।“ 
    ভরা বৈশাখ মাসে প্রখর তাপের মধ্যে গাঁয়ে ঘুরেঘুরে কাজ করার জন্য পান্তা মাসি হঠাৎ অসুস্থ হয়ে পড়লো । সেই সময় কুহেলি লক্ষ্য করলো, “তার বাবা খুব মনমরা । সকালে ওঠে আগের মতো প্রাণচঞ্চল নয় !  সকালে হাঁটতে বের হয় না ।  বাড়িতে মনমরা হয়ে বসে থাকে ।“  কুহেলি কাকীমার কাছে জানতে পারলো, সে স্কুলে বেরিয়ে গেলে তার বাবা পান্তা মাসির বাড়ি যায় । তাকে ডাক্তার দেখানো, ঔষধ কেনা, রান্না করা, সবকিছু করে দিয়ে বাড়ি ফেরে । ফলে তার বাবার দুপুরের খাবার খেতে নাকি বেলা তিনটে গড়িয়ে যায় । কাকীমার কাছে এতকথা  শুনলেও  কুহেলি বাবাকে কিচ্ছুটি জিজ্ঞাসা করে না । তবে কয়েকদিন যাওয়ার পর কুহেলি তার কৌতুহল চেপে রাখতে পারলো না । তাই বাবাকে জিজ্ঞাসা করলো, “বাবা ! পান্তা মাসির কী হয়েছে ?”  উত্তরে মনমরা সুরে সানাই বলল, “তোর পান্তা মাসির টাইফয়েড জ্বর হয়েছে ।“
   ডাক্তার কী বলল  ?
   “জ্বর এখন নিয়ন্ত্রণে ।“ ডাক্তারবাবু বললেন  ।  তবে তোর পান্তা মাসিকে দেখভালের জন্য একটা লোক দরকার । আর তা ছাড়া তাকে নিয়মিত দামী দামী ফল খাওয়ানো খুব প্রয়োজন  !  
    “তুমি চিন্তা করো না  বাবা । পান্তা মাসি খুব তাড়াতাড়ি  সুস্থ হয়ে উঠবে ।“ বাবাকে সান্ত্বনা দিলো কুহেলি ।  
     পরেরদিন ঘুম থেকে উঠে এ-ঘর  ও-ঘর খুঁজেও বাবাকে পাচ্ছে না কুহেলি । বাবা কোথায় গেলো ? ভয় পেয়ে গেলো কুহেলি । বাবা তাকে না জানিয়ে কোথাও যায় না । কাঞ্চন নগরের শেষ মাথা দিয়ে একে-বেঁকে গেছে নোনাই নদী । দীর্ঘদিনের নোনাই নদী । এই নদীতে গ্রীষ্মকালে ভাল মাছ পাওয়া যায় । কুহেলি জানে, কারণে-অকারণে বাবা মাঝে মাঝে নোনাই নদীর পারে গিয়ে বসে থাকে । তাই কুহেলি ভাবলো, বাবা সম্ভবত নোনাই নদীর পারে গিয়ে বসে থাকতে পারে । তাই কুহেলি হাঁটতে হাঁটতে নোনাই নদীর পারে গিয়ে উপস্থিত । নোনাই নদীর পারে গিয়ে কুহেলি দেখলো,  গাঁয়ের অনেক মানুষ সেখানে রয়েছেন । অনেকে খেপলা জালে নদীতে মাছ ধরছে । অত লোকের মাঝে কোথাও তার বাবাকে খুঁজে পাওয়া গেলো না । হতাশ হয়ে বাড়ির দিকে রওনা দিলো কুহেলি  । 
  রাস্তায় শীতলের সঙ্গে দেখা ।   
“এত সকালে হন্তদন্ত হয়ে কোথায় চললি ?” জিজ্ঞাসা করলো শীতল ।
 নোনাই নদীর পারে  গিয়েছিলাম, এখন বাড়ি ফিরছি ।
 হঠাৎ নোনাই নদীর পারে কেন ?  
 ঘুম থেকে উঠে দেখি বাবা বাড়িতে নেই । তাই  ভাবলাম, বাবাকে নদীর পারে  পাওয়া যাবে ! 
  তোর বাবাকে সুরেশপুরে দেখলাম । বলেই শীতল পুনরায় জিজ্ঞাসা করলো, “তোর বাবা এত সকালে ঐ গ্রামে কেন ?”  
      কাজ আছে নিশ্চয় ! কিন্তু তুই সেখানে কী করছিলি ? পাল্টা প্রশ্ন করলো কুহেলি । 
  আমি পড়তে গিয়েছিলাম । তুই তো জানিস,  আমাদের  অঙ্কের স্যার সুরেশপুরে থাকেন । তাঁর কাছে অঙ্ক শিখতে গিয়েছিলাম ।   
 সাইকেল থেকে নেমে শীতল হাঁটা শুরু করলো । 
 মাঝখানে তিন-চারদিন কুহেলির সাথে শীতলের দেখা হয়নি ।  গাঁয়ে খেলার মাঠে কুহেলি কয়েকদিন যায়নি । অথচ কুহেলির অন্যান্য বন্ধুরা মাঠে প্রতিদিন যাচ্ছে এবং তারা কিৎ  কিৎ, দৌড়, ইত্যাদি খেলায় মত্ত  । স্কুল থেকে ফেরার সময়ও কুহেলির সাথে শীতলের দেখা হয়নি । শীতল ক্লাস সেভেনে পড়ে । কিন্তু কুহেলির সাথে শীতলের খুব ভাব । দু-ক্লাস উপরে হলেও শীতল কুহেলিকে খুব পছন্দ করে । টিফিন ভাগ করে খায় । স্কুল থেকে ফেরার সময় একসঙ্গে বাড়ি ফেরে । দুজনের মধ্যে খুব ভাল সম্পর্ক । 
  “দুদিন খেলার মাঠে আসলি না কেন ?” শীতল কুহেলিকে প্রশ্ন করলো ।
  স্কুল থেকে ফিরে বাবার সঙ্গে কাজ করছিলাম ।
  “বাবার সঙ্গে কাজ করছিলি !”  কথাটা পুনরুক্তি করেই শীতলের কী হাসি !
  হাসছিস কেন ?
  বাবার সঙ্গে তুই কী কাজ করছিলি ? তুই কী বাবার মতো কাজ করতে পারিস ?
  বড্ড হাসবি না । আমি বাবাকে রাতের রান্নার সবজি কেটে দিচ্ছিলাম ।
  তুই কী রান্না জানিস ?
  জানি তো ! জানিস শীতল, আমি ভাত ও ডাল রান্না করতে পারি ।
  কোনোদিন রান্না  করেছিস ?
  হ্যাঁ করেছি । গত রবিবারদিন বাবা জরুরি একটা কাজে ভরতপুর গিয়েছিল । যদিও বলে গিয়েছিল বাড়ি ফিরে রান্না করবে । কিন্তু আমি বাবার জন্য অপেক্ষা করিনি ।  বাবা ফেরার আগেই ভাত ও ডাল বানিয়েছিলাম । ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম । বাবা খাবার খেয়ে খুব খুশী !
   ডালে  ঠিকমতো নুন দিয়েছিলি ?  
   বোকার মতো প্রশ্ন করিস না । তুই একটা হাঁদারাম !
   হাঁদারাম বললি কেন ? 
   কেন হাঁদারাম  বলবো না ! আমি ডাল রান্না করে বাবাকে খাওয়ালাম, অথচ প্রশংসা দূরে থাক  একটা ধন্যবাদ দিলি না ! 
    এবার বুঝেছি  ! 
    কী বুঝেছিস  ? 
    তোর অভিমান হয়েছে !
     আমি অভিমান শব্দের অর্থ বুঝি না । কঠিন কঠিন শব্দ দিয়ে কথা বলবি না । আমি গরীব মানুষ । বাবা স্কুলে পড়াচ্ছে, কিন্তু বাড়িতে মাস্টার রেখে পড়াতে পারছে না । শুধুমাত্র ক্লাসের মাস্টার মশাইদের পড়াগুলি ঠিকমতো করি । সুতরাং অতো কঠিন শব্দ এখনও শিখিনি, বুঝলি ! 
    তারপর বাড়ির দোরগড়ায় পৌঁছে কুহেলি শীতলকে বলল, “আমি এসে গেছি । সুতরাং তুই এখন বাড়িতে ফিরে যা ।“
    আজ স্কুল যাবি তো  ? 
    এখনও বুঝতে পারছি না । বাবা এখনও বাড়ি ফেরেনি । সুতরাং  বাবা বাড়িতে না ফিরলে স্কুলে যাওয়া হবে কিনা সন্দেহ ! 
   হঠাৎ শীতল পেছন দিকে তাকিয়ে দেখে কুহেলির বাবা বাড়ির দিকে ধেয়ে আসছেন । তখন কুহেলিকে শীতল বলল, তোর বাবা বাড়ির দিকে হন্তদন্ত হয়ে ফিরছেন । এবার নিশ্চয় তোর স্কুলে যাওয়ার সমস্যা নেই ।
  এক গাল হাসি দিয়ে কুহেলি বলল, “অবশ্যই স্কুলে যাচ্ছি । তখন দেখা হবে ।“
  তারপর শীতলের দিকে তাকিয়ে ‘টা  টা’ দিয়ে বাবার দিকে ছুটলো কুহেলি । বাবাকে জড়িয়ে ধরে বলল, “তুমি যাওয়ার সময় বলে যাওনি ? তাই আমি তোমাকে বিভিন্ন জায়গায় খুঁজেছি ।“
   আমার অন্যায় হয়ে গেছে মা । আর আমার ভুল হবে না । এরপর যেখানেই  যাই না কেন, তোমাকে  অবশ্যই বলে  যাবো ।“
   কথা দিচ্ছ  !
   “হ্যাঁ দিচ্ছি ।“   তারপর বাপ-বেটির কী হাসি । 
                                                                               (চলবে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *