লাল মাটির জেলায় হাজির, কেদারনাথ মন্দির।

আবদুল হাই, বাঁকুড়াঃ দেশের ১২ টি জ্যোতিলিঙ্গের অন্যতম কেদারনাথ মন্দির নিয়ে সাম্প্রতিক সময়ে মানুষের আগ্রহ অনেকখানি বেড়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৫৮৩ মিটার উপরে উত্তরাখণ্ড রাজ্যের চোরাবাহি হিমবাহের কাছে, মন্দাকিনী নদীর তীরে অবস্থিত এই মন্দিরে চাইলেও নানান কারণে অনেকে পৌঁছাতে পারেননা। এবার তাদের মন খারাপের দিন শেষ, মহাভারতে উল্লেখিত এই মন্দিরই হাজির লাল মাটির বাঁকুড়ায়। সৌজন্যে, ছাতনার শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতি। শারদোৎসবের দিন গুলিতে শুশুনিয়া পাহাড় আরো একবার ঘুরে দেখার পাশাপাশি দেবাদিদেব মহাদেবের পবিত্র ধাম কেদারনাথ মন্দির দর্শণের সুযোগ পাবেন আগত দর্শনার্থীরা।

শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছর নানান ধরণের আকর্ষণীয় থিম তাঁরা উপস্থাপিত করেন। এবার শুশুনিয়া পাহাড়তলিতে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরকেই তুলে ধরার পরিকল্পনা নিয়েছেন, সেই মোতাবেক কাজ চলছে। হাতে সময় কম, দায়িত্বপ্রাপ্ত শিল্পীরা এখন দিনরাত এক করে কাজ করে চলেছেন।

শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতির সম্পাদক সুমন কর্মকার বলেন মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা বাজেটের এই পূজো মণ্ডপে মূলতঃ বাঁশ, বাটাম, সিমেন্ট, বস্তা দিয়েই থিম ভাবনা ফুটিয়ে তোলা হয়েছে। উৎসবের দিন গুলিতে আগত দর্শণার্থীদের সুবিধার কথা ভেবে একদিকে যেমন হেল্প লাইন নাম্বার চালু থাকবে, অন্যদিকে তেমনি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থাও থাকছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *