
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ দিনাজপুরের নাট্যজগতে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, বঙ্গরত্ন সম্মানপ্রাপ্ত হরি মাধব মুখোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর।
১৯৪১ সালে জন্মগ্রহণ করা হরি মাধব মুখোপাধ্যায়ের হাত ধরেই বালুরঘাট পেয়েছিল ‘ত্রিতীর্থ’ নাট্যদল। ‘দেবীগর্জন’, ‘জল’, ‘গ্যালিলিও’, ‘দেবাংশী’র মতো কালজয়ী নাটকের নির্দেশক ছিলেন তিনি। দীর্ঘ ৩৪ বছর তিনি বালুরঘাট কলেজে অধ্যাপনা করেছেন। নাট্যচর্চায় অসামান্য অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গরত্ন সম্মানে ভূষিত করে।
মঙ্গলবার দুপুরে তাঁর মরদেহ বালুরঘাটে পৌঁছালে শ্রদ্ধা জানাতে উপচে পড়ে জনস্রোত। প্রথমে তাঁর বাসভবনে, এরপর বালুরঘাট কলেজ ও ‘ত্রিতীর্থ’ নাট্যদলে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে খিদিরপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
হরি মাধব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ জেলার নাট্যপ্রেমীরা। এক নাট্যকর্মীর কথায়, “তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক। নাটকের আলো নিভে গেলেও তাঁর সৃষ্টি চিরস্মরণীয় হয়ে থাকবে।”












Leave a Reply