
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভাদ্র মাসের একাদশী তিথি মানেই করম পরব। প্রকৃতির পূজারী আদিবাসী সম্প্রদায়ের কাছে এ এক বিশেষ উৎসব। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের একমাইল ও শংকরপুর এলাকাতেও বুধবার রাতভর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত করম উৎসবে মেতেছিল গোটা গ্রাম।
শতাধিক মানুষ অংশ নেন এই উৎসবে। হাতে করম ডাল, মুখে মঙ্গলকামনার গান—আদিবাসী নৃত্য-গীতে মাতোয়ারা হয়েছিলেন শংকরপুর, একমাইল ও জঙ্গলপুর গ্রামের মানুষজন। উৎসবে শামিল হয়েছিলেন অতিথিরাও। উপস্থিত ছিলেন আদিবাসী বিকাশ পরিষদের জেলা সম্পাদক তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন-সহ একাধিক বিশিষ্টজন।
অশোকবাবু বলেন, ‘‘প্রতিবছর আমরা জেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে করম পরব পালন করি। এ বছর রাজ্য সরকার করম পরব উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করায় আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতে যদি সরকারিভাবে ছুটির ক্যালেন্ডারে এই উৎসবকে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আদিবাসী সম্প্রদায় বিশেষভাবে কৃতজ্ঞ থাকবে।’’
অতিথি হয়েও ভিড়ে মিশে যান নেতারা। উৎসবের আবহে অশোক কৃষ্ণ কুজুর, অরূপ সরকাররা পা মেলান আদিবাসী নাচে। চারপাশে উৎসবের উচ্ছ্বাস স্পষ্ট।
বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার বলেন, ‘‘আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন—‘ধর্ম যার যার, উৎসব সবার।’ আজ এখানে এসে তার সারবত্তা উপলব্ধি করছি। সকল সম্প্রদায় মিলে করম পুজোর আনন্দ ভাগ করে নিচ্ছে।’’
করম গানের তালে তালে বুধবার রাতভর চলল নৃত্যের আসর। একসঙ্গে উৎসবের আনন্দে মেতেছে গোটা গ্রাম।












Leave a Reply