
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ১৪ ই সেপ্টেম্বর বালুরঘাট দিবস পালিত হলো। এদিন বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা। উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, বালুরঘাট পৌরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষ, বালুরঘাট দিবস উদযাপন কমিটির সভাপতি পীযূষ কান্তি দেব এবং সম্পাদক সুভাষ চাকী।
প্রসঙ্গত, মহাত্মা গান্ধির ডাকে ভারত ছাড়ো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীরা। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে বালুরঘাটেও। ১৯৪২ সালের ১৪ সেপ্টেম্বর বালুরঘাটের উপকণ্ঠে ডাঙ্গী নামক এলাকায় স্বাধীনতা সংগ্রামীরা জড়ো হয়ে, সেখান থেকে বালুরঘাট শহরে এসে, বালুরঘাটের ট্রেজারি বিল্ডিং থেকে ব্রিটিশদের ইউনিয়ন জ্যাক পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাধীনতা সংগ্রামীরা। সেই সময় প্রায় দুই দিন স্বাধীনতার স্বাদ পান বালুরঘাটবাসী।
সেই ঘটনার স্মরণে প্রতিবছর ১৪ই সেপ্টেম্বর বালুরঘাট দিবস পালন করে বালুঘাট দিবস উদযাপন কমিটি। এদিন ডাঙ্গী তে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দক্ষিণ দিনাজপুর প্রশাসনিক ভবন চত্বরে অবস্থিত তৎকালীন ট্রেজারি বিল্ডিং এর সামনে শহীদ বেদীতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বালুরঘাট দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় বালুরঘাট দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে।












Leave a Reply