
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- পরপর দ্বিতীয় বছর রাজ্যের স্বাস্থ্য বিষয়ক প্রতিযোগিতা ‘কায়াকল্প’ কর্মসূচিতে সেরার সম্মান অর্জন করল বালুরঘাট জেলা হাসপাতাল। ২০২৫ সালের সমীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এই হাসপাতাল। মূলত হাসপাতালের পরিচ্ছন্নতা ও জীবাণু নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর ভিত্তি করেই এই মূল্যায়ন করা হয়।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালেও জেলাস্তরের হাসপাতাল শ্রেণীতে প্রথম স্থান দখল করেছিল বালুরঘাট জেলা হাসপাতাল। যদিও কায়াকল্প কর্মসূচিতে রোগী পরিষেবার মান সরাসরি মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। এর আগে ২০২৩ সালে জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও প্রথম সারিতে ছিল এই হাসপাতাল। ২০২২ ও ২০২৪ সালেও কায়াকল্প কর্মসূচিতে শীর্ষস্থান অর্জন করেছিল বালুরঘাট জেলা হাসপাতাল।
এবারের সমীক্ষায় জেলা হাসপাতাল ভবন ও সুপার স্পেশালিটি ভবন—উভয়কেই অন্তর্ভুক্ত করা হয়। স্বাস্থ্য ভবন সূত্রে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত হাসপাতালের মধ্যে মোট আটটি পৃথক মাপকাঠির নিরিখে সেরা নির্বাচিত হয়েছে বালুরঘাট জেলা হাসপাতাল।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, “জীবাণু নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা ছাড়াও আরও ছয়টি মাপকাঠি রয়েছে। ই-প্রেসক্রিপশন চালু আছে কি না, চিকিৎসকেরা ওষুধের জেনেরিক নাম লিখছেন কি না—এসব বিষয় খতিয়ে দেখা হয়। রাজ্যের অন্যান্য জেলা হাসপাতালের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হয়েছিল আমাদের। ভালো লাগছে যে আমরা মান ধরে রাখতে পেরেছি। ভবিষ্যতেও একই রকম স্বাস্থ্যপরিসেবা অক্ষুণ্ণ রাখা হবে।”












Leave a Reply