
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাত পোহালেই দোল উৎসব। তার আগেই রঙের উচ্ছ্বাসে মেতে উঠেছে গঙ্গারামপুর শহর। যদিও দু’দিন আগে থেকেই বিভিন্ন স্কুল ও কলেজে বসন্ত উৎসবের আয়োজন শুরু হয়েছে। আবিরের রঙে, গান ও নাচে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ছাত্রছাত্রীদের মধ্যে।
দোল ও হোলিকে কেন্দ্র করে শহরের একাধিক বাজারে এখন উপচে পড়া ভিড়। সোমবার সকাল থেকে গঙ্গারামপুর শহরের চৌপথি, নিউমার্কেট, বড়বাজার ও কালিতলা সহ বিভিন্ন এলাকায় রঙের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। লাল, সবুজ, নীল, হলুদ—বাহারি আবিরের পাশাপাশি বিক্রি হচ্ছে জলরঙ ও হার্বাল রঙও।
শুধু রঙই নয়, খুদেদের জন্য রয়েছে নানা আকারের পিচকারী ও বিভিন্ন জীবজন্তুর মুখোশ। বিকেল চারটা বাজতে কেনাবেচা জমতে শুরু করে। ছোটদের উচ্ছ্বাসে বাজারে আলাদা প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। বিক্রেতাদের আশা, দোলের আগের দিন ও দোলের দিন বিক্রি আরও বাড়বে। উৎসবের আগে তাই রঙিন আবহে জমে উঠেছে গোটা শহর।












Leave a Reply