
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রবীণ মানুষদের উপর নির্যাতন প্রতিহত করতে দেশে মজবুত আইনি ব্যবস্থা আছে। আইনি সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা প্রদানের মাধ্যমেই এই অত্যাচার প্রতিরোধ করা সম্ভব বলে মন্তব্য করেন পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কেন্দ্রের আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তাজা। জেলা সমাজ কল্যাণ দপ্তর কর্তৃক আয়োজিত এক সভায় তিনি এই মন্তব্য করেন । সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মণ্ডল, জেলা সমাজ কল্যাণ দপ্তরের কাউন্সিলর অমল কুমার মান্না, পাশকুরা কলেজের অধ্যাপক তাপস কুমার পাল, চককুমার এসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিস এর সাধারন সম্পাদক ত্রিদিব দাস বেরা প্রমুখ। রাজ্য সরকার ও ভারত সরকারের সামাজিক সুরক্ষার বিভিন্ন দিক তুলে আলোচনায় অংশ নেন ব্লক সভাপতি বাদল চন্দ্র মণ্ডল। চক কুমার এসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিসের সভাকক্ষে আয়োজিত আজকের এই শিবিরের উদ্বোধন করে তিনি প্রবীণ নাগরিকদের আরোও সচেতন হওয়ার আহ্বান জানান।আইনি সহায়ক বলেন, সম্পূর্ন বিনামূল্যে প্রবীণ নাগরিকরা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছ থেকে সকল প্রকার আইনি সহায়তা পেতে পারবেন। প্রবীণ নাগরিকরা তাদের সন্তানদের কাছ থেকে খোরপোষ পাওয়ার অধিকারী। যদি কোনো সন্তান সম্মান জনক ভাবে খোরপোষ না দেয় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। এমনকি জমির দলিল সন্তানের নামে করে দেওয়ার পরে যদি নির্যাতিত হন, তাহলে ওই দলিল বাতিল করে প্রবীণ ব্যক্তিকে ফিরিয়ে দেওয়ার বিধানও আছে। উপস্থিত অতিথিগনও e বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন।












Leave a Reply