মাদারিহাটে বিজেপির অন্দরে ক্ষোভ, কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : – বিজেপির প্রার্থী ঘোষণা হতেই আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভায় দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। শুক্রবার এক নম্বর মন্ডলের অন্তর্গত বীরপাড়ায় বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়ে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। জানা গিয়েছে , সম্প্রতি বিজেপি তরফে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের জন্য লাক্সমান লিম্বুর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণার পরই স্থানীয় কর্মী-সমর্থকদের একাংশের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। তাদের অভিযোগ, দলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত এবং এলাকায় সক্রিয় নেতাদের উপেক্ষা করে এই প্রার্থী নির্বাচন করা হয়েছে। বিক্ষুব্ধ কর্মীদের দাবি, লাক্সমান লিম্বুকে প্রার্থী পদ থেকে অবিলম্বে বাতিল করে এমন একজনকে প্রার্থী করতে হবে, যিনি দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত এবং এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *