
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস সোমবার তপন ব্লকের আজমাতপুর অঞ্চলে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোট প্রচার শুরু করলেন। এদিন বেলা প্রায় ১২টা নাগাদ তিনি আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাম প্রসাদ রায়ের বাড়িতে পৌঁছান। এরপর রাম প্রসাদ রায়ের বাড়ির কালী মন্দিরে নিয়ম মেনে পুজো দেন তিনি।
পুজো পর্ব শেষ করে গৌতম দাস দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে এলাকায় প্রচারে নামেন। মিছিলটি আজমাতপুর অঞ্চলের বজরাপুকুর, নয়াবাজার ও হাটখোলা সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় পরিক্রমা করে। মিছিল ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিও চোখে পড়ে।
প্রচার কর্মসূচির পাশাপাশি এদিন দলীয় সংগঠনকে আরও মজবুত করতে কর্মীদের সঙ্গে একটি বৈঠকেও অংশ নেন তৃণমূল প্রার্থী। সেখানে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও চাঙা করার বিষয়ে আলোচনা হয়।
এদিনের কর্মসূচিতে গৌতম দাসের সঙ্গে উপস্থিত ছিলেন তপন ব্লক (গঙ্গারামপুর বিধানসভা) তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর রাহা, আজমাতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাম প্রসাদ রায় সহ এলাকার অন্যান্য তৃণমূল নেতৃত্ব।












Leave a Reply