
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২৫ মার্চ দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের এএসডিএম মাঠে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এই সভাকে ঘিরে ইতিমধ্যেই জেলায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে এবং প্রশাসনিক ও দলীয় স্তরে জোর প্রস্তুতি চলছে।
শনিবার বেলা প্রায় চারটা নাগাদ প্রবল বৃষ্টির মধ্যেই হরিরামপুর এএসডিএম মাঠ পরিদর্শনে যান তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। আবহাওয়া প্রতিকূল হলেও তিনি মাঠের প্রতিটি দিক খুঁটিয়ে দেখেন। কোথায় মূল মঞ্চ তৈরি করা হবে, দর্শক আসন কীভাবে সাজানো হবে, কোন কোন পথ দিয়ে কর্মী-সমর্থকরা প্রবেশ ও প্রস্থান করবেন, ভিআইপি চলাচলের জন্য আলাদা রাস্তা থাকবে কিনা—এই সমস্ত বিষয়গুলি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। পাশাপাশি গাড়ি পার্কিংয়ের জায়গা নির্ধারণ, নিরাপত্তা ব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পরিদর্শনের পর জেলা সভাপতি সুভাষ ভাওয়াল সহ দলীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিপ্লব মিত্র। বৈঠকে সভাকে সফল করতে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয় এবং বুথভিত্তিক সংগঠনকে আরও সক্রিয় করার উপর জোর দেওয়া হয়। কর্মীদের উপস্থিতি নিশ্চিত করা, প্রচার জোরদার করা এবং সভার দিন সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করার জন্য একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই হরিরামপুর সহ গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর এই সভা আসন্ন বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।












Leave a Reply