কর্মীসভা শেষে কালীপুজো দিয়ে প্রচার শুরু কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদারের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীসভা শেষে মা কালীর পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোট প্রচার শুরু করলেন মালদা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার।
রবিবার বিকেলে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েত মাঠে কংগ্রেসের পক্ষ থেকে এক বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আইহো গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপক সাহা, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অশোক সরকার সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
কর্মীসভায় প্রার্থী দলীয় কর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন এবং এলাকার উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
সভা শেষে প্রথমবারের মতো মুচিয়া মহাদেবপুর মা বামা কালী মন্দিরে পুজো অর্চনা করেন তিনি। এরপরই আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন। কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সমর্থন কামনা করেন।
এই কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *