ভোটের আগে মালদায় সকেট বোমা উদ্ধার, বিহারের দুষ্কৃতী গ্রেপ্তার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদায় সকেট বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় বিহারের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে রতুয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম মহম্মদ সামির (৩০)। তার বাড়ি বিহারের আমদাবাদ থানার বাবলাবোনা গ্রামে। শনিবার রাতে সে একটি সকেট বোমা নিয়ে রতুয়ার মাকাইয়া গ্রামে আসে।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায় এবং দুষ্কৃতীকে পাকড়াও করে। তল্লাশিতে তার কাছ থেকে একটি সকেট বোমা উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি ওই বোমাটি নমুনা হিসেবে কাউকে দেখাতে নিয়ে এসেছিল। এরপর আরও বোমা সরবরাহ করে ভোটের আবহে বড়সড় অশান্তি তৈরির চক্রান্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে রবিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *