কামারের ভূমিকায় সিপিআই(এম) প্রার্থী খলিল, কাস্তে শান দিয়ে পরিবর্তনের ডাক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:-  ভোটের প্রচারে অভিনব কৌশল! হরিশ্চন্দ্রপুরে সিপিআই(এম) প্রার্থী শেখ খলিল-কে দেখা গেল কামারের ভূমিকায়। কামারশালায় কাস্তে শান দিয়ে তৃণমূল ও বিজেপিকে বাংলা থেকে বিদায়ের ডাক দিলেন তিনি।
রবিবার সকালে কর্মীদের সঙ্গে মুড়ি-ঘুগনি খেয়ে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গোল অঞ্চলে ভোট প্রচারে বের হন খলিল। বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ বাইকেই এলাকা চষে বেড়ান তিনি।
প্রচারের মাঝেই বোচকন্দা গ্রামের একটি কামারশালায় ঢুকে পড়েন প্রার্থী। সেখানে এক হাতে হাতুড়ি ও অন্য হাতে কাস্তে নিয়ে সেটিতে শান দিতে দেখা যায় তাঁকে। এই প্রতীকী কর্মকাণ্ডের মাধ্যমে তিনি শ্রমজীবী মানুষের শক্তিকেই পরিবর্তনের মূল হাতিয়ার হিসেবে তুলে ধরেন।
খলিল বলেন, “এই কাস্তে-হাতুড়ি মেহনতি মানুষের রুজিরুটির প্রতীক। বাংলার পরিবর্তন ঘটাতে পারে এই শ্রমজীবী মানুষই।” পাশাপাশি তিনি দাবি করেন, সিপিআই(এম) কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে।
তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে হরিশ্চন্দ্রপুরে মহিলা কলেজ ও দমকল কেন্দ্র গড়ে তোলা হবে, গ্রামে গ্রামে পানীয় জলের সমস্যা সমাধান করা হবে এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটানো হবে।
এদিন প্রার্থীকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়। ভিঙ্গোল অঞ্চলের বাসিন্দারা ফুলের মালা পরিয়ে তাঁকে আশীর্বাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *