
মালদা, নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদায় জোরকদমে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। বুধবার কালী মন্দিরে পুজো দিয়ে তিনি নিজের প্রচার অভিযান শুরু করেন এবং হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ করেন।
এদিন ঋষিপুর বাগানপাড়ার মোসনা কালী মন্দিরে পুজো দেন তিনি। এরপর বিজেপির হবিবপুর ১ নম্বর মণ্ডলের সভাপতি পঞ্চানন বর্মণ এবং সাধারণ সম্পাদক দিলীপ মন্ডল-সহ দলীয় নেতাকর্মীদের নিয়ে পায়ে হেঁটে প্রচারে নামেন।
ঋষিপুরের বাগানপাড়া, রামনগর সহ একাধিক এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং করজোড়ে ভোটের আবেদন জানান। প্রার্থীর এই পদযাত্রাকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন। তাঁর অভিযোগ, রাজ্যে দুর্নীতি ব্যাপক হারে বেড়েছে এবং স্বাস্থ্য ও পানীয় জলের মতো মৌলিক পরিষেবাতেও মানুষ বঞ্চিত।
গোপাল সাহা আশ্বাস দিয়ে বলেন, “বিজেপি ক্ষমতায় এলে মানুষের এই সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”












Leave a Reply