ভোটার তালিকা থেকে নাম বাদ, রতুয়ায় পথ অবরোধে উত্তাল পরাণপুর।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- এস.আই.আর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে মালদার রতুয়ায় তুমুল বিক্ষোভ ও পথ অবরোধের ঘটনা ঘটল। সোমবার ভোর থেকেই রতুয়া-২ নম্বর ব্লকের পরাণপুর এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন।
সকাল প্রায় ৯টা নাগাদ পরাণপুর ইদগাহ স্ট্যান্ডে মালদা-রতুয়া রাজ্য সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ করে দেওয়া হয়। ফলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।
ঘটনার খবর পেয়ে পুখুরিয়া থানা-র বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এবং অবরোধ তুলে দেওয়ার উদ্যোগ নেয়।
তবে বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দেন, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *