
গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা:- কবি সুকান্ত ভট্টাচার্য-এর জন্মশতবর্ষ উপলক্ষে গঙ্গারামপুরে আয়োজিত হল এক বর্ণাঢ্য কবিতা উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। ‘সময়ের লেখচিত্র’ পত্রিকার উদ্যোগে রবিবার শহরের একটি লজে আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্যপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। এরপর কবির প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
এদিন উপস্থিত ছিলেন মোস্তাক আহম্মেদ, পত্রিকার আহ্বায়ক জয়ন্ত চক্রবর্তী, কর্মকর্তা অমিতাভ ঘোষ, অজিতেশ চক্রবর্তী, রাজর্ষি চৌধুরী, প্রীতম রায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত—হরিরামপুর, বুনিয়াদপুর, বালুরঘাট, তপন ও গঙ্গারামপুর থেকে আগত প্রবীণ কবি, সাহিত্যিক, নাট্যকার ও যাত্রা শিল্পীদের সংবর্ধনা জানানো হয়। তাঁদের হাতে উত্তরীয় ও স্মারক তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে।
এদিনের অন্যতম আকর্ষণ ছিল কবিতা পাঠের আসর। অংশগ্রহণকারী কবিরা তাঁদের স্বরচিত কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানে এক অনন্য মাত্রা যোগ করেন।
সব মিলিয়ে সাহিত্যচর্চার এক উজ্জ্বল পরিবেশে ভরে ওঠে অনুষ্ঠানস্থল, যা উপস্থিত সকলের মনে গভীর ছাপ ফেলে।












Leave a Reply