
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- ভোট ঘোষণার পর দক্ষিণ দিনাজপুর জেলায় এখনও পর্যন্ত বড় অঙ্কের টাকা উদ্ধার না হলেও ৪টি আগ্নেয়াস্ত্র আটক করেছে পুলিশ। বালুরঘাটে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জেলার জেলাশাসক সুব্রমনিয়ম টি।
তিনি জানান, গোটা পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ প্রশাসন ও আর্থিক বিষয় তদারকির দায়িত্বে থাকা অবজারভাররা। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে Election Commission of India-এর নির্দেশ অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিন সাংবাদিক বৈঠকে তিনি জানান, কমিশনের দেওয়া ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশ মেনে প্রশাসন কাজ করছে। মূল লক্ষ্য—ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, তার জন্য সমস্ত রকম পরিকাঠামো প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়াও জেলার প্রায় ৫৭০০ জন প্রবীণ ভোটার যাতে বাড়িতে বসেই ভোট দিতে পারেন বা পরিবারের সদস্যদের সহায়তায় ভোটকেন্দ্রে পৌঁছতে পারেন, তারও বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে তিনি জানান, যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে নেই, তারা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে আপিল করতে পারবেন। যারা অনলাইনে আবেদন করতে পারবেন না, তারা জেলা প্রশাসন বা এসডিও দফতরে আবেদন জমা দিতে পারবেন। সেই আবেদন সরাসরি বিচার বিভাগে পাঠানো হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সেখান থেকেই নেওয়া হবে।
তিনি আরও জানান, যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে, তারা সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে তা জানতে পারবেন।












Leave a Reply