
বরানগর, নিজস্ব সংবাদদাতা:- ভোটের মুখে বরানগরে চরম উত্তেজনা ছড়াল গোপাল লাল ঠাকুর রোড এলাকায়। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-এর পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী।
সংঘর্ষের সময় বিজেপি প্রার্থী সজল ঘোষ-কে মাইক হাতে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। “সায়ন্তিকা গো ব্যাক”, “চোর এমএলএ গো ব্যাক”—এই ধরনের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
অন্যদিকে, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিজেপি বহিরাগতদের এনে হকি স্টিক দিয়ে তৃণমূলের মহিলা কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তাঁর দাবি, “শান্ত বরানগরকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি।”
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বজায় থাকলেও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ভোটের আগে এই সংঘর্ষ বরানগরের রাজনৈতিক পরিস্থিতিকে আরও তপ্ত করে তুলেছে।












Leave a Reply