
কালনা, নিজস্ব সংবাদদাতা:- কালনায় বিজেপি প্রার্থী ঘোষণার পরই দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। সিদ্ধার্থ মজুমদার যখন শহরে প্রচার পদযাত্রায় ব্যস্ত, ঠিক তখনই একাংশ বিজেপি কর্মী রাস্তায় নেমে বিক্ষোভ দেখান।
শুক্রবার বিকেলে কালনার নিভুজি বাজার এলাকায় কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ কর্মীরা। তাঁদের অভিযোগ, কংগ্রেস থেকে আসা সিদ্ধার্থ মজুমদারকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। “এই প্রার্থী মানছি না, মানব না”—এই স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
বিক্ষোভকারীদের একাংশ জানান, প্রার্থী বদল না হলে তাঁদের আন্দোলন চলবে। এদিন বিজেপির কয়েকজন কর্মী কার্যালয়ে তালা লাগিয়ে প্রতিবাদে সামিল হন। স্থানীয় বিভিন্ন মণ্ডল সভাপতির উপস্থিতিতেই এই বিক্ষোভ হয় বলে জানা গেছে।
অন্যদিকে, একই সময়ে প্রার্থী হওয়ার পর কালনায় এসে পদযাত্রা ও প্রচারে অংশ নেন সিদ্ধার্থ মজুমদার। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই বিক্ষোভের বিষয়ে তাঁর তেমন কিছু জানা নেই। তাঁর দাবি, “যদি কেউ টাকা দিয়ে বিজেপির পতাকা হাতে তুলে এই ধরনের বিক্ষোভ করায়, তাহলে যে কেউ তা করতে পারে।” পাশাপাশি, বিক্ষোভকারীরা প্রকৃত বিজেপি কর্মী নন বলেও মন্তব্য করেন তিনি।
ভোটের আগে এই গোষ্ঠীদ্বন্দ্ব কালনার রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।












Leave a Reply