
মালদহ, নিজস্ব সংবাদদাতা:- মালদার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে মনোনয়ন ঘিরে চমক দিল তৃণমূল কংগ্রেস। প্রার্থী আশিস কুন্ড-এর মনোনয়ন জমা দেওয়ার সময় একসঙ্গে দেখা গেল ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু-কে।
এদিন মিছিল করে মালদহ জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন আশিস কুন্ড। মিছিল ঘিরে এলাকায় তৈরি হয় রাজনৈতিক উত্তাপ ও উৎসবের আবহ।
বিজেপির দখলে থাকা এই কেন্দ্রে পরিবর্তনের ডাক দিয়ে তৃণমূল প্রার্থী বলেন, উন্নয়নই হবে তাঁদের মূল হাতিয়ার। মালদা শহর সম্প্রসারণ, গ্রামীণ এলাকায় পানীয় জলের ব্যবস্থা সহ একাধিক উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
পাশাপাশি বিজেপি প্রার্থীকে ‘দলবদলু’ বলেও কটাক্ষ করেন আশিস কুন্ড। এমনকি তিনি দাবি করেন, বিজেপি প্রার্থী জিতলেও শেষ পর্যন্ত তৃণমূলেই যোগ দেবেন।
রাজনৈতিক মহলের মতে, প্রভাবশালী ব্যক্তিত্বদের উপস্থিতি এবং আক্রমণাত্মক প্রচারে ইংরেজবাজারে এবার জমে উঠেছে নির্বাচনী লড়াই।











Leave a Reply