ওয়াকি-টকিতে নিয়ন্ত্রিত বিজেপির বিজয় মিছিল, চমক ফালাকাটায়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনে জয়ের আনন্দে সোমবার ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মালসাগাঁও এলাকার ১৩/১৬৪ নম্বর বুথে বিজেপির উদ্যোগে আয়োজিত বিজয় মিছিলে অংশ নেন অসংখ্য কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। দলীয় পতাকা, স্লোগান এবং উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলটি পূর্ব মালসাগাঁওয়ের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।
এদিনের ওই অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কাড়ে ওয়াকি-টকির অভিনব ব্যবহার। গোটা মিছিল ও অনুষ্ঠানকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে একাধিক দায়িত্বপ্রাপ্ত বিজেপির কর্মীর হাতে দেখা যায় ওয়াকি-টকি। কোথায় মিছিল পৌঁছেছে, কোথায় ভিড় বেশি হচ্ছে কিংবা কোথায় যেতে হবে সমস্ত নির্দেশ মুহূর্তের মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছিল ওই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। আধুনিক প্রযুক্তির এই ব্যবহারকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেকেই এটিকে ব্যতিক্রমী উদ্যোগ বলে মন্তব্য করেন।বিজয় উৎসবকে আরও আনন্দঘন করে তুলতে উপস্থিত মানুষদের জন্য ঝালমুড়ির পাশাপাশি মাছ ও মাংস-ভাতের বিশেষ আয়োজন করা হয়। এলাকার বহু মানুষ একসঙ্গে এই আনন্দ অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয়ের উচ্ছ্বাস ভাগ করে নেন। বিজেপি নেতৃত্বের দাবি, মানুষের আশীর্বাদ ও সমর্থনেই এই জয় এসেছে এবং আগামী দিনেও এলাকার উন্নয়নে কাজ চালিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *