
কিছু কিছু কথা থাকে যা কখনোই বলতে নেই
এমন কিছু ঘটনা থাকে যা কাউকে বলতে নেই,
মানুষের মনে সুখস্মৃতির আয়ু বড়জোর সাতদিন
দুঃখস্মৃতি মেরেকেটে একবছর বেশি থাকে না।
এমন কিছু কথা থাকে যা প্রকাশে ব্যবধান বাড়ে
ব্যবধান সংক্রামক,একবার বাড়লে বেড়েই যায়,
যাকে নিজের থেকেও বেশি বিশ্বাসযোগ্য মনে হয়
কিছুদিন পরে সে বিশ্বাস ভাঙে কারণে,অকারণে।
মানুষের মস্তিষ্কের মধ্যে একটি প্যারামিটার থাকে
যা নিয়ন্ত্রিত হয় সমাজের কিছু কিছু অনুষঙ্গ দ্বারা,
যে অনুষঙ্গ যত শক্তিশালী সে ততই সক্রিয় হয়
পরিস্থিতি পাল্টে গেলে মানুষ পাল্টায় অবলীলায়।
রাতের জোৎস্না ডুবলে চরাচরে নামে অন্ধকার
মানুষ আশাহত হলে মনে জন্মায় আস্থাহীনতা,
যার প্রকৃত সত্যাসত্য মানুষ বিশ্লেষণ করে না
যখন বোধোদয় হয় তখন অন্যের মনে জমে মেঘ।
কারো মেঘের বৃষ্টি মন-আকাশ করে উজ্জ্বল
কারো মেঘে বৃষ্টি হয় না,আকাশ গুম মেরে থাকে,
শরীরের বয়স লাউ ডগার মত বাড়লে মনের বয়স বাড়ে না,সমাজ মানে না,মানুষ কেন মানবে?
নক্ষত্র ঝরার মত মানুষে মানুষে সম্পর্ক ঝরে
শিরায় শিরায় তা প্রবাহিত হয়,শেষে মনে জমাট বাঁধে,যাকে দেখে খুব কাছের মনে হয় সেও প্রয়োজনে,তা না মিটলে নিকট দূরে চলে যায়।
যে মানুষ দিবারাত্রি সচেষ্ট থাকে কারো জীবনের
দুঃসহ যন্ত্রণা ও বঞ্চনার ইতিহাস মুঝে দিয়ে এক
আলোকিত ইতিহাস রচনা করতে,যার জন্য এই
প্রয়াস সে কিন্তু সময়ের দাস হয়ে দূরত্ব বাড়ায়।
আশা,ভরসা, আস্থা এইসব শব্দগুলো একে একে
ভ্রমান্ধ সময়ের জালে জড়িয়ে যায়,আপনজন পর
হয়ে যায়,পর আপন হয়ে যায় মিথ্যে প্রলাপন দিয়ে, জীবনকাব্যে এসব লিখতে নেই,বলতে নেই।












Leave a Reply