কালিয়াচকে ঘুমন্ত যুবককে ধারালো অস্ত্রের কোপ, কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু।

মালদা, নিজস্ব সংবাদদাতা: আবারও খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার কালিয়াচকে। ঘুমন্ত অবস্থায় এক যুবকের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর কলকাতায় স্থানান্তরের পথে তাঁর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রহিমুল শেখ (৩০)। তিনি কালিয়াচক থানার সুজাপুর ইমদাদুল উলুম পাড়ার বাসিন্দা। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় কে বা কারা তাঁর মাথা ও কানের গোড়ায় ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে।
রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাঁকে প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় রেফার করা হয়। তবে কলকাতায় নিয়ে যাওয়ার পথে মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায় তাঁর মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রহিমুল শেখ একটি ধর্মকাঁটায় কম্পিউটারের কাজ করতেন। তাঁর পরিবারে স্ত্রী ও মাত্র ছয় মাসের এক কন্যাসন্তান রয়েছে। কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার নেপথ্যের কারণ ও অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *