
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার পুলিশ ও গড়বেতা থানার পুলিশের যৌথ অভিযানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ছয় দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি পিকআপ ভ্যান, একটি মারুতি গাড়ি, একটি আগ্নেয়াস্ত্র এবং একাধিক ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। ঘটনাকে ঘিরে গোয়ালতোড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাথরডোবার জঙ্গলে ডাকাতির পরিকল্পনা নিয়ে ওই দুষ্কৃতীরা জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
ধৃতদের মধ্যে তিনজনের বাড়ি মেদিনীপুর শহরের হাতিহলকা এলাকায় এবং বাকি তিনজনের বাড়ি নয়াগ্রাম এলাকায় বলে জানা গিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, এর আগেও গবাদিপশু চুরির অভিযোগে এই দুষ্কৃতীদের নাম সামনে এসেছিল।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রবিবার ধৃতদের গড়বেতা আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত চলছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।












Leave a Reply