
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ১১ আগস্ট, মঙ্গলবার শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। প্রতিবছরের মতো এবারও তাঁর জন্মভিটে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মোহবনিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে আত্মবলিদান দিবস। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। জেলা প্রশাসনের তরফে মোহবনি ও সংলগ্ন গোটা এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। অনুষ্ঠানস্থল এবং আশপাশের এলাকা খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
সোমবার দুপুরের পর মোহবনিতে পৌঁছে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা-সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে মোহবনিতে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। মঙ্গলবার শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটেতে আত্মবলিদান দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে এলাকায় ইতিমধ্যেই তৈরি হয়েছে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা।












Leave a Reply