শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবসে মোহবনীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, জন্মভিটের উন্নয়নে ৫ কোটি টাকার ঘোষণা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভারতমাতার বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবসে তাঁর জন্মভিটে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মোহবনীতে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ১১ আগস্ট মোহবনীতে শহীদ ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন তিনি। এরপর স্মরণসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।

এদিন হেলিকপ্টার বিভ্রাটের কারণে কোলাঘাট থেকে সড়কপথে মোহবনীতে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে পৌঁছে প্রথমে শহীদ ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি। পরে স্মরণসভায় অংশ নেন।

স্মরণসভা থেকে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে মোহবনির সামগ্রিক উন্নয়নের জন্য ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জন্মভিটেকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা এবং পর্যটন ও ঐতিহাসিক গুরুত্বকে সামনে রেখে পরিকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

পাশাপাশি কেশপুরের সামগ্রিক উন্নয়ন নিয়েও একাধিক প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। কেশপুরের অতীতের পরিস্থিতি কাটিয়ে শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের উপর জোর দেওয়ার কথা জানান তিনি। স্কুল, কলেজ থেকে হাসপাতাল—বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
এদিনের সভা থেকে কেশপুরে রাজনৈতিক হিংসার প্রসঙ্গেও সরব হন শুভেন্দু অধিকারী। দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ তুলে তিনি বিষয়টি নিয়ে কড়া অবস্থান নেন। তৃণমূল সরকারের আমলে যেসব দলীয় কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল বলে অভিযোগ, সেই মামলাগুলি খতিয়ে দেখে প্রত্যাহারের ব্যবস্থা করার জন্য জেলা পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে তাঁর জন্মভিটে মোহবনিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ঘিরে এদিন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ঐতিহাসিক এই স্থানকে নতুনভাবে সাজিয়ে তোলার ঘোষণায় স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে আশার সঞ্চার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *