
ধূপগুড়ি, নিজস্ব সংবাদদাতা: রাজনৈতিক মতাদর্শে একে অপরের প্রতিপক্ষ হলেও একই ফুটবল মাঠে পাশাপাশি দেখা গেল বিজেপি, সিপিএম ও কংগ্রেসের পতাকা। আর সেই মাঠেই ফুটবল খেলায় মেতে উঠল শিশু-কিশোররা। ঘটনাটি ধূপগুড়ি ব্লকের মাগুরমারি-১ গ্রাম পঞ্চায়েতের বীণাপাণি এলাকার। অভিনব এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।
জানা গিয়েছে, বীণাপাণি এলাকায় শিশু-কিশোরদের উদ্যোগে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অধিকাংশই শিশু ও কিশোর। এমনকী আয়োজকদের মধ্যেও ছিলেন একই বয়সের ছেলেমেয়েরা।
তবে খেলার মাঠের কর্ণারে নজর কাড়ে তিনটি রাজনৈতিক দলের পতাকা। সেখানে পাশাপাশি লাগানো হয় বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের পতাকা। রাজনৈতিকভাবে এই দলগুলি পরস্পরের প্রতিপক্ষ হলেও ফুটবল মাঠে তাদের পতাকা পাশাপাশি থাকায় বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে।
স্থানীয়দের একাংশের মতে, এই ঘটনার মধ্যে দিয়ে শিশু-কিশোররা যেন একটি গুরুত্বপূর্ণ বার্তাই দিয়েছে—রাজনৈতিক মতপার্থক্য থাকলেও খেলার মাঠকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। ফুটবল মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে শুধুমাত্র খেলাকে ঘিরে, রাজনৈতিক বিভাজনকে কেন্দ্র করে নয়।
যদিও বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলের বক্তব্য কিছুটা ভিন্ন। স্থানীয় রাজনৈতিক নেতাদের একাংশের দাবি, যারা এই প্রতিযোগিতার আয়োজন করেছে তারা বয়সে অনেকটাই ছোট। ফলে কোথায় রাজনৈতিক দলের পতাকা ব্যবহার করা উচিত বা অনুচিত, সে সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা নাও থাকতে পারে।
তবে একইসঙ্গে রাজনৈতিক নেতারাও স্বীকার করছেন, খেলার মাঠ বা অন্যান্য সামাজিক পরিসরে অযথা রাজনৈতিক বিভাজন তৈরি করা ঠিক নয়। তাঁদের মতে, শিশু-কিশোরদের খেলাধুলার পরিবেশ যতটা সম্ভব রাজনীতিমুক্ত রাখাই ভালো।
সব মিলিয়ে, একটি সাধারণ ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে বীণাপাণি এলাকায় উঠে এসেছে ভিন্ন ধরনের বার্তা। মাঠের একদিকে তিন রাজনৈতিক দলের পতাকা, অন্যদিকে সেই পতাকার নিচেই দলমত নির্বিশেষে শিশু-কিশোরদের ফুটবল খেলা—পুরো ঘটনাই যেন রাজনীতির ঊর্ধ্বে খেলাধুলার বার্তাকেই সামনে নিয়ে এসেছে।












Leave a Reply