
মালদা, নিজস্ব সংবাদদাতা:- হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিমের অংশগ্রহণে বুধবার মালদার কালিয়াচকে সাড়ম্বরে পালিত হল ঈদ মিলাদুন্নবী। কালিয়াচকের বিভিন্ন গ্রাম থেকে বের হওয়া একাধিক জুলুস এসে মিলিত হয় কালিয়াচক চৌরঙ্গী মোড়ে। উত্তর দারিয়াপুরের দিক থেকে মালদা-কালিয়াচক রোড ধরে আসা বড় জুলুস ছাড়াও মোথাবাড়ি-কালিয়াচক রাজ্য সড়ক, ফারাক্কা-কালিয়াচক রোড এবং আলিপুর-চাঁদপুরের দিক থেকেও একাধিক জুলুস এসে চৌরঙ্গীতে মিলিত হয়।
চৌরঙ্গী মোড়ে জমায়েত হওয়া ধর্মপ্রাণ মানুষজন বিভিন্ন ইসলামিক বক্তার বক্তব্য শোনেন। ঈদ মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন বক্তারা। বিপুল মানুষের সমাগমে গোটা কালিয়াচক চৌরঙ্গী এলাকায় তৈরি হয় উৎসবের আবহ।
অনুষ্ঠানের শেষে বিশ্বের সমস্ত মানুষের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য ছিল কড়া পুলিশি নজরদারি। উপস্থিত ছিলেন মালদা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাকসুদ হাসান, কালিয়াচক থানার আইসি লিটন রক্ষিত, দক্ষিণ মালদার ট্রাফিক ইন্সপেক্টর-সহ কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী।












Leave a Reply