ধাত্রীগ্রাম পুলিশ ফাঁড়ির উদ্যোগে রাখি বন্ধন উৎসব, গাড়িচালক থেকে সাধারণ মানুষকে পরানো হল রাখি।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা: রাখি বন্ধন উৎসব উপলক্ষে কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রাম পুলিশ ফাঁড়ির উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হল। এদিন সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন যানবাহনের চালকদের হাতেও রাখি পরিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়।

ধাত্রীগ্রাম পুলিশ ফাঁড়ির উদ্যোগে এলাকার পুরুষ ও মহিলাদের হাতে রাখি পরানো হয়। পাশাপাশি গাড়িচালক ও টোটোচালকদের হাতেও রাখি পরিয়ে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশকর্মীরা।

অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দেওয়া হয়। ব্যস্ত রাস্তায় যাঁরা প্রতিদিন মানুষের যাতায়াতের সঙ্গে যুক্ত, সেই গাড়ি ও টোটোচালকদেরও রাখি বন্ধন উৎসবের অংশ করে নেন পুলিশকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধাত্রীগ্রাম থানার ওসি আতাউর রহমান শেখ-সহ পুলিশ ফাঁড়ির অন্যান্য আধিকারিক ও কর্মীরা। পুলিশকর্মীদের এই উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ দেখা যায়।

রাখি বন্ধনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *