
বীরভূম, নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বীরভূম সফরে এলেন শুভেন্দু অধিকারী। শনিবার দুপুর ১২টা নাগাদ তারাপীঠ সংলগ্ন কড়কড়িয়া সরস্বতী শিশু মন্দিরের মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন তিনি।
হেলিকপ্টার থেকে নামার পর সেখান থেকে সরাসরি তারাপীঠের মন্দিরে যান মুখ্যমন্ত্রী। মন্দিরে পৌঁছে মা তারার পুজো দেন তিনি। পুজো শেষে রামপুরহাটের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।
রামপুরহাটে পৌঁছে রক্তকরবী মঞ্চে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বৈঠকে জেলার বিভিন্ন প্রশাসনিক বিষয় এবং উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। বৈঠক শেষে হেলিকপ্টারে করে ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
এদিন মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য রাস্তার দু’পাশে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ে। তাঁর যাত্রাপথে বিভিন্ন জায়গায় মানুষের উৎসাহ-উচ্ছ্বাস দেখা যায়। রাস্তার দু’পাশ থেকে মুখ্যমন্ত্রীর উপর পুষ্পবৃষ্টিও করা হয় বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রীর প্রথম বীরভূম সফরকে ঘিরে তারাপীঠ ও রামপুরহাটে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। প্রশাসনিক বৈঠকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী, এখন সেদিকেই নজর রয়েছে।












Leave a Reply