ক্যানসারে আক্রান্ত স্ত্রী, অর্থাভাবে থমকে চিকিৎসা—নিরুপমাকে বাঁচাতে সাহায্যের আবেদন স্বামীর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ক্যানসারে আক্রান্ত স্ত্রীকে সুস্থ করে তুলতে চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানালেন গুয়াবরনগরের এক অসহায় পরিবার। প্রায় চার মাস ধরে শয্যাশায়ী ৫৫ বছরের নিরুপমা বর্মন। ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের বর্মন পাড়ার বাসিন্দা তিনি। স্বামী রামেশ্বর বর্মনকে নিয়েই নিরুপমার সংসার। পাঁচ মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে। সামান্য জমির উপর টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটি ঘরেই স্বামী-স্ত্রীর ছোট সংসার । পরিবারের আর্থিক অবস্থা এতটাই দুর্বল যে, নুন আনতে পান্তা ফুরোনোর মতো পরিস্থিতি। স্ত্রীর চিকিৎসার জন্য ধারদেনা করে কলকাতায় নিয়ে গিয়েছিলেন রামেশ্বর বর্মন। সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সেই চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ। আর্থিক সামর্থ্য না থাকায় শেষ পর্যন্ত স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে বাধ্য হন তিনি।বর্তমানে বাড়িতেই শয্যাশায়ী নিরুপমা বর্মন। স্ত্রীকে বাঁচাতে প্রয়োজনীয় চিকিৎসা করানোর ইচ্ছা থাকলেও অর্থের অভাবে অসহায় হয়ে পড়েছেন স্বামী রামেশ্বর বর্মন। কীভাবে এত টাকা জোগাড় করবেন, সেই চিন্তায় দিন কাটছে তাঁর। এই পরিস্থিতিতে স্ত্রী নিরুপমা বর্মনের চিকিৎসার জন্য সহৃদয় মানুষ ও সামর্থ্যবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন রামেশ্বর বর্মন ও তাঁর পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *