
মালদা, নিজস্ব সংবাদদাতা :- চিকিৎসার নামে অনিয়মের অভিযোগে এবার কড়া পদক্ষেপ জেলা স্বাস্থ্য দফতরের। চিকিৎসায় গাফিলতি, অস্বাস্থ্যকর পরিবেশ, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে মালদা জেলার ১১টি নার্সিংহোম বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। ইতিমধ্যেই দুই দফায় সংশ্লিষ্ট নার্সিংহোমগুলিকে বন্ধের নোটিশ পাঠানো হয়েছে। প্রথম পর্যায়ে পাঁচটি এবং দ্বিতীয় পর্যায়ে আরও ছয়টি নার্সিংহোমকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন মালদার অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) অনিরুদ্ধ নন্দী।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদা জেলায় বর্তমানে প্রায় ১৫০টি নার্সিংহোম রয়েছে। অভিযোগ, প্রয়োজনীয় পরিকাঠামো, চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার উপযুক্ত ব্যবস্থা ছাড়াই শহর থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তে গজিয়ে উঠেছে একাধিক নার্সিংহোম। রোগীদের চিকিৎসা পরিষেবার মান নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এই পরিস্থিতিতে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই ১৫টি নার্সিংহোমে অভিযান চালিয়েছে প্রশাসন। পরিদর্শনে একাধিক অসঙ্গতি সামনে আসার পরই ১১টি নার্সিংহোম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিষেবার মান বজায় রাখতে আগামী দিনেও নজরদারি ও অভিযান চালানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।












Leave a Reply