বাতিকার উপ স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার পাঁড়ুই থানার বাতিকার উপ স্বাস্থ্য কেন্দ্রে শ্রাবণী মণ্ডল নামে এক স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় গতকাল বুধবার রাত্রে। স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর বাড়ি ইলামবাজার ব্লকের ক্ষুদ্রপুর গ্রামে। তিনি প্রতিদিনের মতো এদিনও ভ্যাকসিন নিয়ে এসেছিলেন উপ স্বাস্থ্য কেন্দ্রে। সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় বাড়ীর লোকজন খোঁজ করলে তাঁকে পাওয়া যায় নি। কিন্তু বাতিকার উপ স্বাস্থ্য কেন্দ্রের বাইরে তাঁর স্কুটি রাখা ছিল। তালা ভেঙে ভেতরে দেখা যায় রক্তাক্ত অবস্থায় এবং গলায় ফাঁস দেওয়া অবস্থায় শ্রাবণী মণ্ডলের মৃতদেহ পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পাঁড়ুই থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতার ভাই গোপাল মণ্ডল জানান, হাসপাতালে তালা বন্ধ ছিল। দিদির গাড়ী বাইরে রাখা ছিল। কিন্তু জানালা দিয়ে দিদির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। দিদিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। দোষীদের অবিলম্বে শাস্তি চাই। এটা খুন, না আত্মহত্যা পাঁড়ুই থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *