মনিরুল হক, কোচবিহারঃ এবার বেপরোয়া বাইক সহ সব ধরনের গাড়ির গতি রুখতে মাথাভাঙ্গায় চালু হল স্পিড লেজার গানের ব্যবহার। মাথাভাঙা ট্রাফিক পুলিশের তরফ থেকে এই গানের ব্যবহার শুরু হল। এদিন মাথাভাঙা ময়নাগুড়ি ১৬ এ ব্যস্ততম রাজ্য সড়কের এই স্পিড লেজার গানের ব্যবহার করা হয়।
জানা গিয়েছে, মাথাভাঙা ময়নাগুড়ি ১৬ এ ব্যস্ততম রাজ্য সড়কের প্রতিনিয়ত দুর্ঘটনার ঘটনা ঘটে। যার ফলে সতর্কতা অবলম্বনে ওই রাস্তায় এই স্পিড লেজার গান বসিয়ে বাইক সহ সব ধরনের গাড়ির গতির ওপর নিষেধাজ্ঞা লাগু করতে চাইছে পুলিশ। এদিন সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সফল করতে লেজার স্পিড গান বসিয়ে শিকারপুর এলাকায় বেপরোয়া বাইক ও গাড়ি চালকদের আটক করে জরিমানা আদায় করা হয় পুলিশের পক্ষ থেকে। জানা গিয়েছে, এর মাধ্যমে চালকের গতি কিছুটাহলেও নিয়ন্ত্রণে আসবে যার ফলে বড়সড় দুর্ঘটনা থেকে অনেকটাই রক্ষা করা যাবে চালকদের।
এবিষয়ে মাথাভাঙ্গা থানার ট্রাফিক ওসি শাহ আলি ইমাম জানান, সরকারি নির্দেশ অনুযায়ী সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতির কথা থাকলেও ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে গাড়ি চালানোর অপরাধে এদিন বাইক সহ বেশ কয়েকটি চারচাকার গাড়ি আটক করে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে।
এ বিষয়ে কোচবিহার জেলা ট্রাফিক পুলিশের ডিএসপি প্রদীপ সরকার জানান, শুধু মাথাভাঙ্গাতে নয় সমস্ত কোচবিহার জেলা জুড়ে এই অভিযান চলবে।
বেপরোয়া বাইক ও গাড়ির গতি রুখতে মাথাভাঙ্গায় চালু হল স্পিড লেজার গানের ব্যবহার।












Leave a Reply