যদি দিনহাটায় গণতন্ত্র ক্ষুন্ন হয়ে থাকে, তবে বিজয়ী প্রার্থীরা পদত্যাগ দিয়ে পুনরায় নির্বাচনে যেতে পারেন, দাবী উদয়নের।

মনিরুল হক, কোচবিহার: দিনহাটায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৩ জন জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে আজ সাংবাদিক সন্মেলন করেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ। এদিন বেলা ১ টা নাগাদ দিনহাটা অলোক নন্দী ভবনে সাংবাদিক সন্মেলন করেন দলের জেলা নেতৃত্ব থেকে বিরোধী সকলের উপর ক্ষোভ উগ্রে দেন তিনি।

এদিন উদয়ন গুহ সাংবাদিক সন্মেলন করে বলেন, “কোন ভাবে যদি প্রমাণ করা যেতে পারে দিনহাটায় পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় কোনভাবে গণতন্ত্রকে ক্ষুণ্ন করেছে, তবে আগামীকাল পর্যন্ত সময় রয়েছে, বিজয়ী প্রার্থীরা পদত্যাগ দিয়ে পুনরায় নির্বাচনের জন্য যেতে পারে।”

তিনি আরো বলেন, “বেশকিছু সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে গণতন্ত্রের ধর্ষণ হয়েছে দিনহাটায় এমনটা প্রকাশ করা হয়েছে, কেউ যদি স্বেচ্ছায় প্রার্থী প্রত্যাহার করে তাহলে তৃণমূল কংগ্রেসের কি করার আছে।”

দিনহাটা পৌরসভার ১৬ টির মধ্যে ১৩ টি ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করে নির্বাচনের আগেই পৌরসভাকে নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস, আর তাই নিয়ে বিরোধীদের কটাক্ষ মাথাচাড়া দিয়েছে। কেউ বলছেন গণতন্ত্রের ধর্ষণ কেউ বলছেন সন্ত্রাস। তাই শুক্রবার গোটা বিষয়টিতে সংবাদমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করলেন বিধায়ক স্বয়ং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *