সরকারি স্কুলের ভেতরে থাকা গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

মনিরুল হক, কোচবিহার: সরকারি স্কুলের ভেতরে থাকা গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মাথাভাঙা ২ ব্লকের নিশিগঞ্জ নিশিময়ী হাই স্কুলে। রাতের অন্ধকারে গাছ কেটে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, গতকাল রাতের অন্ধকারে বিদ্যালয় চত্বরে সৌন্দর্যায়নের জন্য রোপণ করা বিভিন্ন প্রজাতির চারাগাছ কেটে ফেলার পাশাপাশি ভেঙে ফেলা হয়, এমনকি নলকূপ, জলের পাইপ সহ লোহার গেটও ভেঙে ফেলা হয়। এরপর এদিন শিক্ষকরা বিদ্যালয়ে এসে গাছগুলিকে কাটা অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন্দ্র চন্দ্র বর্মণ জানান, কে বা কারা রাতের অন্ধকারে বিদ্যালয়ে তান্ডব চালিয়ে বিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নিশিগঞ্জ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে বিদ্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্ব নিশিগঞ্জ ফাঁড়ি। তারপরেও রাতের অন্ধকারে বিদ্যালয়ে দুস্কৃতি তান্ডবের ঘটনায় রাতের নিশিগঞ্জ এলাকার নিরাপত্তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অপরদিকে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *