নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর:- পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে দুর্গাপুর সিটি সেন্টারের চতুরঙ্গ পূজা প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ‘ধৃতি-সর্জ্জনী’ মহোৎসব।এবার এই উৎসব ছ’বছরে পা দিল।১০ ডিসেম্বর শনিবার এই মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার,দুর্গাপুর পুর নিগমের পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়,স্থানীয় বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই,পশ্চিম বর্ধমান জেলার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সৌরভ চট্টোপাধ্যায় প্রমুখ।উৎসবে সৎসঙ্গ বিষয়ক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।

১১ ডিসেম্বর রবিবার প্রাতঃকালীন প্রার্থনার পর শুরু হয় শোভাযাত্রা সহযোগে নগর পরিক্রমা।উৎসবের মূলমঞ্চে সঙ্গীতাঞ্জলি,নৃত্যানুষ্ঠান,শিশু-কিশোর সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সাধারণ সভায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন ও বাণী নিয়ে আলোচনা করেন ধৃতিমান সিং,দীপ্তি কুমার সাহা,দিলীপ কুমার ঘোষ প্রমুখ।উৎসব প্রাঙ্গনে একটি উন্নত স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।পাঁচ শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হয় শিবির থেকে।প্রায় তিরিশ হাজার মানুষ উৎসবে যোগ দেন এবং প্রসাদ গ্রহণ করেন।উৎসবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রপৌত্র তথা কেন্দ্রীয় সৎসঙ্গের প্রশাসক পরমপূজনীয় শ্রী অনিন্দ্যদ্যুতি চক্রবর্ত্তী।

তাঁর দর্শন প্রণাম করে উদ্দীপ্ত হয়ে ওঠেন উৎসবে আগত হাজার হাজার মানুষ।সবার উদ্দেশ্যে তিনি শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাণী প্রদান করেন।উৎসবের সভাপতি ত্রিলোচন ঘোষ এবং সম্পাদক গৌর সিংহ রায় বলেন,”ধৃতি-সর্জ্জনী মহোৎসব উপলক্ষে প্রায় তিরিশ হাজার ভক্ত সমাগম হয়েছিল।সুশৃঙ্খলভাবে উৎসব হয়েছে।এত বড় উৎসব সফল করার জন্য দুর্গাপুরবাসী এবং প্রশাসনকে কৃতজ্ঞতা জানাই।”












Leave a Reply