আদিবাসী শিশুদের সাথে নিয়ে জন্মদিন পালন।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলো খুব ধুমধাম করে পালন করা থাকেন অনেকে। বিশেষ করে জন্মদিন আমরা সাধারণত বড় বড় রেস্তোঁরায় গিয়ে পালন করে থাকি। বিভিন্ন রকম খাওয়া দাওয়া থেকে শুরু করে ডিজে পার্টি হয়ে থাকে। কিন্তু হৈ হুল্লোড় ও আনন্দ না করে সামাজিকভাবে অবহেলিত এলাকার আদিবাসী গরিব পরিবারের ছোট ছোট শিশুদের সাথে নিয়ে নিজের অভিনব জন্মদিন পালন করলেন বীরভূম জেলার দুবরাজপুরের বাসিন্দা মন্দিরা ভীমরাজকা। এদিন দুবরাজপুরের আদিবাসী অধ্যুষিত এলাকা মাজুরিয়া গ্রামের আদিবাসী শিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটেন তিনি। তারপর মাজুরিয়া গ্রামের আদিবাসী শিশু এবং নারী-পুরুষ মিলে ৫ শতাধিক মানুষকে দুপুরের আহার খাওয়ানো হয়। এদিন মেনুতে ছিল খিচুড়ি, পাঁচ মিশালি টক এবং বোন্দে। আদিবাসী জনজাতির শিশুরা সমাজের অনেক আচার অনুষ্ঠান থেকে বিরত থাকে। তাই মন্দিরা ভীমরাজকা ঠিক করলেন তাঁর ৩২ তম জন্মদিন সেই সব শিশুদের পাশে থেকে পালন করবেন। উল্লেখ্য, বর্তমান যুগে ছেলেমেয়েদের যেভাবে জন্মদিন পালন হয় তা থেকে বেরিয়ে এসে সমাজের পিছিয়ে পড়া জনজাতির শিশুদের সঙ্গে তাদের পাশে থেকে জন্মদিন পালন করতে পেরে খুব ভালো লাগছে বলে জানান মন্দিরা ভীমরাজকা। তিনি আরও জানান, আমি ৬ বছর ধরে নিজের জন্মদিন এই আদিবাসী শিশুদের নিয়ে পালন করে আসছি। আসলে আমরা দেখতে পাই জন্মদিন বা বিয়েতে হৈ হুল্লোড় ও আনন্দ করা হয়। কিন্তু এই আদিবাসী শিশুরা অনেক কিছু থেকে বিরত থাকে। তাই এই আনন্দ ঘন মুহুর্তের দিনে তাঁদের মুখে হাসি ফোটাতেই আমি এই উদ্যোগ নিয়েছি। এতে আমার শ্বশুর, শাশুড়ি, স্বামী ও দেওর আমাকে খুবই সাপোর্ট করেছেন। তাছাড়াও চিরঞ্জিত মণ্ডল বিশেষ ভাবে আজকের দিনে সহযোগিতা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *