শ্বশুরবাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মৃত্যু হল জামাইয়ের।

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: শ্বশুরবাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মৃত্যু হল জামাইয়ের। গুরুতর জখম স্ত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইটাহার থানার গোঠলু মোড় এলাকার ১২ নম্বর জাতীয় সড়কের উপরে। জখমদের উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। অপরজনকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুদীপ মুর্মু (২৬)। রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের একর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। জখম স্ত্রীর নাম রিনা সোরেন(২২)। জানা গিয়েছে, সুদীপ মুর্মু পেশায় পরিযায়ী শ্রমিক ছিলেন। দিন কয়েক আগে শালার বিয়ে উপলক্ষ্যে রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের একর এলাকায় নিজের বাড়িতে আসেন। সেখান থেকেই শুক্রবার ওই দম্পতি বাইক নিয়ে গাজোলে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ইটাহার থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *