পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ পূর্ব বর্ধমান জেলার রায়না এক ব্লকের শ্যামসুন্দরের মাঝপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বাড়ি। জানা গেছে বৃহস্পতিবার ভোর নাগাদ হুড়মুড় করে ভেঙে পড়ে একটি মাটির বাড়ি, ঘটনায় আহত হন এক দম্পতি। কোনোরকম প্রাণে বাঁচে দম্পতির একমাত্র কন্যা। ঘটনায় গুরুতর আহত হন বাড়ির মালিক নিখিল সরকার। অল্প বিস্তর আহত হন নিখিল বাবুর স্ত্রী। স্থানীয়দের তৎপরতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মাহেশবাটি গ্রামীণ হাসপাতালে। জানা গেছে দীর্ঘদিন ধরে বেহাল দশায় ছিল নিখিল সরকারের মাটির বাড়িটি। কোন রকমে ত্রিপল দিয়ে মেরামত করে একমাত্র কন্যাকে নিয়ে দিন গুজরাণ করছিলেন সরকার দম্পতি। অভিযোগ একাধিক বার প্রশাসনিক দপ্তরে সাহায্য চাওয়া হয়েছিল বাড়ি মেরামতের জন্য কিন্তু কোন সুরাহা হয়নি। ভগ্নদশার মাটির বাড়ি নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন নিখিল বাবু। গোদের ওপর বিষফোঁড়া হয়ে বাদ সাধলো নিম্নচাপ। নিম্নচাপের জেরে বিগত কয়েকদিন ধরে অনবরত হয়েই চলেছে বৃষ্টি, লাগাতার বৃষ্টির ফলে জড়াজীর্ণ দশায় থাকা নিখিল সরকারের মাটির বাড়িটি ভেঙে পড়ে বৃহস্পতিবার ভোর রাতে। জানা যায়,ঘুমন্ত অবস্থায় সরকার দম্পতি বাড়ি ভাঙার আওয়াজ শুনতে পান, সাথে সাথে উঠে পড়লেও বাড়ির ভিতরে থাকা আলমারির উপর ভেঙে পড়ে বাড়ির দেওয়াল, আলমারির নিচে চাপা পড়ে যান নিখিল সরকার। কোন রকমে স্ত্রী- কন্যাকে নিয়ে বাড়ির বাইরে বের হতে উদ্যত হন নিখিল বাবু। কোমরে গুরুতর চোট পান বাড়ির মালিক নিখিল সরকার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শ্যামশুন্দরের মাঝপুর গ্রামে।
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বাড়ি! কোনরকমে প্রাণে বাঁচোয়া কন্যা সহ দম্পতির।












Leave a Reply