গাছে ঝুলছে বিজেপি নেতার মৃতদেহ ।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ-  বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার নিধিরামপুর গ্রামে। বুধবার সাতসকালেই বাড়ির কাছেই প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিপু মিশ্র নামের এক বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুভদীপ মিশ্র ওরফে দীপু কে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। দোষীদের গ্রেফতারের দাবীতে পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। পরকিয়ার জেরে এই ঘটনা নাকি এর পিছনে রয়েছে কোনো রাজনৈতিক কারন তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে শুভদীপ মিশ্র ওরফে দীপু এলাকায় বিজেপি নেতা হিসাবে পরিচিত ছিলেন। গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে প্রার্থীও ছিলেন দীপু । স্থানীয় সূত্রে খবর দিন সাতেক আগে হঠাৎই বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেন শুভদীপ । গতকালই তিনি বাড়িতে ফিরেছিলেন। বুধবার সকালে বাড়ির অদূরে গ্রামের প্রাথমিক বিদ্যালয় চত্বরে একটি গাছে গলায় দড়ির ফাঁস লাগানো ও ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ঝুলন্ত মৃতদেহের দুটি হাত দেহের সাথে গামছা দিয়ে বাঁধা অবস্থায় থাকায় সন্দেহ তীব্র হয় এলাকার মানুষের। এলাকাবাসী ও মৃতের পরিবারের দাবী প্রতিবেশী এক বিবাহিতা মহিলার সাথে দীপুর ভালোবাসার সম্পর্ক ছিল। মহিলার পরিবারের তরফে দীপুকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল। পরিবারের দাবী মহিলার পরিবারের তরফেই দীপুকে খুন করা হয়ে থাকতে পারে। ঘটনার খবর পেতেই এলাকায় ছুটে যান শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী। তাঁর দাবী এর পিছনে রাজনৈতিক কারনও থেকে থাকতে পারে। তৃনমূল রাজনৈতিক কারনের অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃনমূলের দাবী এই ঘটনা নিছকই আত্মহত্যা। গোটা ঘটনার প্রকৃত তদন্তের দাবীতে পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। মৃতদেহ উদ্ধারেও বাধা দেওয়া হয়। পুলিশ পরকিয়ায় যুক্ত মহিলাকে আটক করলে পুলিশের গাড়িতেও হামলা চালায় স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *