সেফ ড্রাইভ, সেভ লাইফ” বার্তা নিয়ে সামশেরগঞ্জে অঙ্কন প্রতিযোগিতা।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সামশেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা এসটিজি ট্রাফিক পুলিশের উদ্যোগে “সেফ ড্রাইভ, সেভ লাইফ” কর্মসূচির অংশ হিসেবে গ্রিন ভ্যালি একাডেমিতে অনুষ্ঠিত হলো এক বিশেষ অঙ্কন প্রতিযোগিতা। সামশেরগঞ্জের চকসাকাপুর মোড়ে অবস্থিত এই বিদ্যালয়ে আয়োজিত প্রতিযোগিতায় প্রায় ৫৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

ছাত্রছাত্রীরা তাদের আঁকা ছবির মাধ্যমে ট্রাফিক নিয়ম, নিরাপদ পথ চলাচল এবং দুর্ঘটনামুক্ত যাতায়াতের বার্তা ফুটিয়ে তোলে। শিশুদের এই সৃজনশীল প্রচেষ্টার মধ্য দিয়ে পথ দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ট্রাফিক পুলিশ কর্মকর্তারা ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন এবং ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করেন। ছাত্রছাত্রীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানো, সিট বেল্ট বাধ্যতামূলকভাবে পরা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার বার্তা দেয়।

গ্রিন ভ্যালি একাডেমির প্রিন্সিপাল অনুষ্ঠানে উপস্থিত থেকে সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং সামশেরগঞ্জ থানার এসটিজি ট্রাফিক পুলিশের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান।

পুলিশ প্রশাসনের এই উদ্যোগ শুধু শিক্ষার্থীদের নয়, তাদের পরিবার ও সমাজকেও সচেতন করবে বলে আশা করা হচ্ছে। নিরাপদ চালনা এবং পথ নিরাপত্তা যে সবার দায়িত্ব—এই বার্তাই পৌঁছে দেওয়া হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *