
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ‘উত্তরকন্যা অভিযান’-কে কেন্দ্র করে আজ সোমবার আলিপুরদুয়ার জেলায় ব্যাপক উদ্দীপনা দেখা গেল বিজেপির নেতা-কর্মীদের মধ্যে। জেলা সদর সহ ফালাকাটা, মাদারিহাট, কালচিনি, বক্সা ও অন্যান্য প্রান্ত থেকে শাখা সংগঠনের নেতৃত্বে বিজেপি কর্মীরা মিছিল সহকারে উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন ‘উত্তরকন্যা’র উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
এই অভিযানের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চলেছে বিজেপি। দলীয় সূত্রে খবর, রাজ্যজুড়ে বেকারত্ব, দুর্নীতি, গ্রামাঞ্চলে রাস্তা ও পানীয়জলের সমস্যার মতো একাধিক ইস্যু তুলে ধরা হবে এই আন্দোলনের মাধ্যমে।
উত্তরবঙ্গ উন্নয়নের দাবিতে এই আন্দোলনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি নেতৃত্ব। আলিপুরদুয়ার জেলা থেকে অনেক যুব নেতা ও কর্মী সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এই অভিযানে।
বিজেপির জেলা নেতৃত্বের দাবি, “উত্তরবঙ্গের উন্নয়ন একপ্রকার অবহেলিত। উত্তরকন্যা গড়ে উঠলেও তার কার্যকারিতা প্রশ্নের মুখে। সাধারণ মানুষের সমস্যার কথা রাজ্য প্রশাসনের কানে পৌঁছাতেই এই অভিযান।”
পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এই অভিযানের প্রস্তুতি মাথায় রেখে সতর্কতা অবলম্বন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।












Leave a Reply